৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ দেবে সরকার, বিজ্ঞপ্তি ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | দৈনিক উত্তর দিগন্ত:দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে প্রায় ৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হতে পারে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কিছু কারিগরি ত্রুটি ও অসংগতি রয়েছে। এ কারণে শূন্য পদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে দেশের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে নতুন করে হালনাগাদ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানিয়েছেন, শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রকৃত জনবলের চাহিদা জানতে চাওয়া হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করে নিয়োগের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পাশাপাশি প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে। এসব পদের নিয়োগ বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে।

জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে। কয়েকটি এলাকায় এ প্রক্রিয়া শেষ হলেও কিছু জেলায় এখনো নিয়োগ কার্যক্রম চলছে। আদালতে মামলা বিচারাধীন থাকায় কোনো কোনো জেলায় নিয়োগ সম্পন্ন করতে বিলম্ব হচ্ছে।

এদিকে, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিক্যাল পদে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।

নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা চূড়ান্ত করার পর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় পিএসসির নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র: বাসস

Share This Article
Leave a Comment