হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি-ইয়েমেনি জোটের শীর্ষ কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেনারেল ফায়াদ আল-রুয়াইলিকে।

সোমবার (১৬ নভেম্বর) সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ এক রাজকীয় আদেশে এ নিয়োগের ঘোষণা দেন। একই সঙ্গে সাবেক কমান্ডার ফাহদ বিন হামাদকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কয়েকটি এলাকা পুনর্দখলে জোট বাহিনীর চলমান অভিযান থেকেও সরে আসার খবর পাওয়া গেছে। ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতেই এ কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে রোববার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার জানায়, এডেনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জোট বাহিনী বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কিছু অবস্থান থেকে সরে যাচ্ছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহনের ক্ষেত্রে বাব আল-মান্দেব প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ অঞ্চলে সামরিক পরিস্থিতির পরিবর্তন আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর প্রভাব ফেলতে পারে।

সৌদি-সমর্থিত জোটের এই পিছু হটাকে বড় ধরনের কৌশলগত চাপ হিসেবে দেখা হচ্ছে। গত জুলাইয়ে ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

গত সেপ্টেম্বর মাসে হুথিদের অভিযানে ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগর উপকূলের বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ হারায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাও রয়েছে। পরে হুথি যোদ্ধারা আরও অগ্রসর হয়ে তায়েজ শহর অবরুদ্ধ করে ফেলে।

পরবর্তী সময়ে সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনরুদ্ধার করলেও মোখা শহরের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেনি।

ইয়েমেনের সেনাবাহিনীর কর্মকর্তারা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় বিভিন্ন এলাকায় হুথি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ১৭৩ জন হতাহত হয়েছেন। মারিব, লাহিজ ও আল-জউফ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

তবে বর্তমানে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি নিজেদের নিয়ন্ত্রণাধীন কয়েকটি অবস্থান থেকে সেনা সরিয়ে এডেনের চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনী। হুথিদের অবস্থান থেকে এডেনের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার হওয়ায় শহরটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এডেনকে সুরক্ষিত করার ক্ষেত্রে গণপ্রতিরোধ বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় শক্তিগুলোর অবস্থানকে আরও শক্তিশালী করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে সংঘাতের কারণে ইয়েমেনের সাধারণ মানুষের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। হুথি-সমর্থিত গণমাধ্যমের দাবি, রাজধানী সানায় জোট বাহিনী বিমান হামলা চালিয়েছে। ২০১৪ সালে হুথিরা সানা দখল করে নেয়। এ ছাড়া তায়েজে একটি স্কুলে হামলায় একজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

সূত্র : আলজাজিরা

Share This Article
Leave a Comment