চট্টগ্রামে পুলিশের টহল পিকআপ চুরি, ৩ ঘণ্টায় উদ্ধার; আটক ২

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরে হালিশহর থানা পুলিশের টহল পিকআপ ভ্যান চুরির তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে পিকআপটি রেখে রেস্টুরেন্টে খাবার খেতে যান টহল দলের সদস্যরা। খাবার শেষে ফিরে এসে গাড়িটি আর সেখানে পাননি তারা।

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে পিকআপটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন জানান, চুরি হওয়া পুলিশের পিকআপটি ফকিন্নিরহাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, কীভাবে পুলিশের টহল গাড়িটি চুরি হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানিয়েছিলেন, হালিশহর থানার টহল দলের তিন সদস্য গাড়িটি সড়কে রেখে খাবার খেতে গিয়েছিলেন। ফিরে এসে তারা গাড়িটি দেখতে পাননি। পরে সিসিটিভি ফুটেজে নকল চাবি দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে।

Share This Article
Leave a Comment