ডেস্ক নিউজ: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের বিভিন্ন পদে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার শর্ত আইনে রাখা হয়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। তাই এ বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ইউপি সদস্য বা চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই। একইভাবে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।
তিনি বলেন, ‘এমপিদেরই তো নাই। আমি যে এমপি হয়েছি, আমারও তো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়নি ফরমে।’
মীর শাহে আলম আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত আইন বা সংবিধানে নেই। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে এমন বাধ্যবাধকতা রাখা হলে তা মানবাধিকার লঙ্ঘনের বিষয় হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, একজন সমাজসেবক প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না হলেও স্বশিক্ষিত হতে পারেন। কেউ হয়তো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেননি, কিন্তু তাঁর মেধা ও জ্ঞান থাকতে পারে। এমন ব্যক্তির জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা থাকলে শুধু শিক্ষাগত যোগ্যতার কারণে তাঁকে নির্বাচন থেকে দূরে রাখা উচিত নয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। একই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনের পাঁচটি আইনেও জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি।
তবে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়সের শর্ত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভোটার হওয়ার যোগ্যতা থাকলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়া যাবে।
‘আপনি যদি ভোটার হন, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। ভোটার হলেই আপনি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন,’ বলেন মীর শাহে আলম।

