কক্সবাজার প্রতিনিধি:বৈরী আবহাওয়ার কারণে টানা তিন দিন ধরে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে প্রায় ৪৫০ জন ঝুঁকি নিয়ে ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। তবে ট্রলারের স্বল্পতার কারণে এখনো অনেক পর্যটক দ্বীপের জেটিঘাটে অপেক্ষা করছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১২টি ট্রলারে করে এসব পর্যটক সেন্টমার্টিন ছাড়েন। প্রতিটি ট্রলারে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশে যাত্রা করেন তারা।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। শুক্রবার ও শনিবারও নিয়মিত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় এক হাজার পর্যটক সেখানে আটকা পড়েন।
টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, বৈরী আবহাওয়ার কারণে অনেক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। তাদের কেউ কেউ আর্থিক সংকটেও পড়েছেন। এসব বিষয় বিবেচনায় স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শনিবার সকাল থেকে ট্রলারে করে পর্যটকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৪৫০ জন টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। তবে ট্রলারের অভাবে আরও অনেককে জেটিঘাটে অপেক্ষা করতে হচ্ছে।
রাজশাহী থেকে পরিবারের সদস্যদের নিয়ে সেন্টমার্টিনে বেড়াতে আসা পর্যটক খলিলুর রহমান জানান, পরিবারের নয় সদস্যকে নিয়ে আনন্দ ভ্রমণে এসে এখন দুর্ভোগে পড়েছেন তারা। জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপে আটকা পড়েছেন। ভ্রমণের জন্য সঙ্গে আনা টাকাও প্রায় শেষ। তাই যেকোনো উপায়ে দ্বীপ ছেড়ে ফিরতে চান তারা।
সেন্টমার্টিনের সৈকতকর্মী নুরুল আমিন বলেন, দ্বীপে আটকা পড়া অনেক পর্যটক শনিবার সকাল থেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি ট্রলার দ্বীপ ছেড়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, যারা দ্বীপ থেকে ফিরতে চাইছেন, তারা ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাচ্ছেন। আর যারা আপাতত দ্বীপে অবস্থান করতে চান, তারা সেখানেই থাকছেন। আবহাওয়া অনুকূলে এলে জাহাজ চলাচল শুরু হবে এবং অবশিষ্ট পর্যটকেরা কক্সবাজারে ফিরতে পারবেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, বিশেষ জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটে থাকা কিছু পর্যটককে ট্রলারে করে টেকনাফে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি দ্বীপে অবস্থানরত পর্যটকদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।
এর আগে ১৮ নভেম্বর রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২২ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে। ১৯, ২০ ও ২১ নভেম্বরের টিকিট কাটা পর্যটকেরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত একই টিকিট ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন। এই সময়ের মধ্যে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে পাঁচটি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। গত ১৩ নভেম্বর চারটি জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক দ্বীপটি ভ্রমণ করেন, যা মৌসুম শুরুর পর এক দিনে সর্বোচ্চ যাতায়াত। এ ছাড়া ১৮ নভেম্বর চারটি জাহাজে করে দ্বীপে যান ১ হাজার ২৪১ জন পর্যটক।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। এ সময় দ্বীপে রাত্রিযাপনেরও সুযোগ রয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পর্যটকদের জন্য বেশ কিছু বিধিনিষেধও কার্যকর রয়েছে। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি আয়োজন নিষিদ্ধ। পাশাপাশি সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চালানো এবং দ্বীপের প্রাকৃতিক সম্পদ সংগ্রহেও নিষেধাজ্ঞা রয়েছে।

