আন্তর্জাতিক ডেস্ক :ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশিরা সুযোগের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নজরদারিতে সামান্য শিথিলতা দেখালেই তারা ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সীমান্তবর্তী বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। এ সময় দায়িত্ব পালনরত বিএসএফ সদস্যদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরে বিএসএফের একটি স্পিডবোটে ইছামতি নদী ও আশপাশের সীমান্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দূরবীন দিয়ে সীমান্তের ওপারের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তাৎক্ষণিকভাবে সন্দেহজনক কোনো তৎপরতা চোখে না পড়লেও তাঁর দাবি, বাংলাদেশিরা সুযোগের অপেক্ষায় রয়েছে।
শুভেন্দু অধিকারী আরও বলেন, বিএসএফের নজরদারিতে সামান্য ঘাটতি দেখা দিলেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা হতে পারে।
সীমান্ত পরিদর্শনের পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।
শুভেন্দু অধিকারীর দাবি, বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ যৌথভাবে ইতিমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে বের করে দিয়েছে। সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে প্রশাসনের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
এদিকে সীমান্ত নিরাপত্তায় বিশেষ অবদান রাখা সদস্যদের স্বীকৃতি দিতে নতুন সম্মাননা চালুর ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী বছর থেকে বিএসএফ, সশস্ত্র সীমা বল (এসএসবি) ও পশ্চিমবঙ্গ পুলিশের সদস্যদের ‘সীমামিত্র সম্মান’ দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সদস্যদের এ সম্মাননার জন্য বিবেচনা করা হবে। পুরস্কারপ্রাপ্তদের নির্বাচনের দায়িত্বে থাকবে একটি বিশেষ কমিটি।

