ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তবে শেষ পর্যন্ত জনগণের রায়ই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের জয়ের প্রত্যাশার কথা জানান বিএনপির এই প্রার্থী।
মির্জা ফয়সল আমীন বলেন, ‘ভোট দিলাম। এখনই পরিবেশ নিয়ে কিছু বলা সমীচীন হবে না। তবে মনে হচ্ছে, উৎসবমুখর পরিবেশে ভোট হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন।’
আবহাওয়া কিছুটা প্রতিকূল হলেও ভোটারদের উপস্থিতি ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়ে ফয়সল আমীন বলেন, ‘জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে জনগণের মতামতই চূড়ান্ত। সেটা প্রত্যাখ্যান করার দুঃসাহস নেই। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে।
১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ৯৮৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে।
নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
প্রতিবেদন অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের ভোটের মধ্য দিয়েই নির্ধারিত হবে ঠাকুরগাঁও-১ আসনের পরবর্তী জনপ্রতিনিধি।

