রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। গত সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। পরে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। পরদিন মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।

Share This Article
Leave a Comment