নিজস্ব প্রতিবেদক:দেশের যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুরুত্বপূর্ণ এ তিন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম শুরুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, তিনটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রকল্পগুলোর চূড়ান্ত অবস্থান, নকশা, ব্যয় ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে।
বৃহত্তর রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সেতু বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থা উন্নত করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত এ সেতুতে ওয়াই আকৃতির সংযোগব্যবস্থা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে মোংলা সমুদ্রবন্দর, বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে।
এ ছাড়া শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যারাজের ওপর দিয়ে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনাও পর্যালোচনা করা হচ্ছে।
শেখ রবিউল আলম বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নের আগে সমন্বিত পরিকল্পনা তৈরি করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, অর্থায়ন, জমি অধিগ্রহণ এবং পুনর্বাসনের বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানান, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সমীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর সেতু দুটির অবস্থান, নকশা ও নির্মাণ ব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, দ্বিতীয় পদ্মা সেতুর ওয়াই আকৃতির সংযোগব্যবস্থা এবং দ্বিতীয় যমুনা সেতুর মাধ্যমে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ উন্নয়নের বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

