নিজস্ব প্রতিবেদক :গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে ঘোষিত লংমার্চ কর্মসূচি স্থগিত করেছে ১১ দলীয় ঐক্য। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী আন্দোলন ও কর্মসূচির কৌশল নির্ধারণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ২১ নভেম্বরের লংমার্চ সামনে রেখে আপাতত কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে না। পরবর্তী সিদ্ধান্ত জোটের শীর্ষ নেতাদের বৈঠকে নির্ধারণ করা হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানো হবে।
কর্মসূচি স্থগিতের কারণ ব্যাখ্যা করে হামিদুর রহমান আযাদ বলেন, দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও কৌশল নির্ধারণ করা হবে। এ বিষয়ে এখনো শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে খুব শিগগিরই বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, নতুন করে আন্দোলনের কর্মসূচি সাজানো হবে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে জোটের শীর্ষ নেতারাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে এবং ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে আরও দুটি লংমার্চ অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে চতুর্থ লংমার্চের ঘোষণা দিয়েছিল জোটটি। তবে নির্ধারিত তারিখের প্রায় এক সপ্তাহ আগে কর্মসূচিটি স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।

