প্রতিনিধি, দিনাজপুর:দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মনিপুর বিওপির একটি দল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৬৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
জব্দ করা মাদক ও চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৯ হাজার ৫২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলছে। মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

