নিজস্ব প্রতিবেদক :পোশাকশিল্পে চলমান সহিংসতা সাধারণ শ্রমিকদের স্বাভাবিক আন্দোলন নয়, বরং শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬-এর খসড়া পর্যালোচনাবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল কাজ করছে। সাধারণ শ্রমিকদের আন্দোলনের আড়ালে বহিরাগত ও শ্রমিক নন—এমন ব্যক্তিরা হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মতো কর্মকাণ্ড চালাচ্ছেন।
তিনি বলেন, সরকারের তদন্তে অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্বে থাকা কয়েকজন পোশাকশিল্পের মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক ভূমিকার বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এসব সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে দমনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
শ্রমিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তিনি বলেন, পোশাকশ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল প্রতি তিন বছর পরপর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন। সরকার নির্ধারিত সময়ের আগেই এ বিষয়ে উদ্যোগ নেয়। শ্রমিকপক্ষের প্রতিনিধি মনোনয়নে কিছুটা বিলম্ব হওয়ায় বোর্ড গঠনে দেরি হলেও নাম পাওয়ার পরপরই তা গঠন করা হয়েছে। ইতোমধ্যে বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই বোর্ডে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধি রয়েছেন। মূল্যস্ফীতি, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করে কাজ চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমিক ও শিল্পবান্ধব। শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং সার্বিক কল্যাণকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। সরকারের লক্ষ্য রপ্তানি বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে সরকারের দীর্ঘ আলোচনা হয়েছে। পাশাপাশি শ্রমিক নেতাদের সঙ্গেও বিস্তারিত কথা হয়েছে। আলোচনায় উভয় পক্ষই স্বীকার করেছেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ শ্রমিকদের আন্দোলনের অংশ নয়; বরং রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। বাহিনীর বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তারা সংযম বজায় রেখেছেন। তবে সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় সাধারণ শ্রমিকদের গুজব ও উসকানিতে বিভ্রান্ত না হয়ে দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। শ্রমিকদের কাজে ফেরার মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখা সম্ভব হবে। এতে তাদের কর্মসংস্থান এবং দেশের অর্থনীতি সুরক্ষিত থাকবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। বিষয়টি আইন অনুযায়ী পর্যালোচনা করা হবে।
প্রেস ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

