নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করার দাবিতে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ‘মার্চ ফর ইনসাফ’ নামের এ পদযাত্রা আগামী ৭ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা থেকে শুরু হবে। উত্তর প্রান্ত থেকে শুরু হওয়া পদযাত্রাটি দেশের দক্ষিণের সীমান্তবর্তী এলাকা টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের তিন দফা দাবির মধ্যে রয়েছে—শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, গণভোটে দেওয়া গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার করা।
কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ ধাপে উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে এগিয়ে আসবে ‘মার্চ ফর ইনসাফ’। আগামী ২১ অক্টোবর রাজধানীর শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। শাহবাগের কর্মসূচি শেষে পদযাত্রাটি দেশের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হবে।
আয়োজকেরা জানিয়েছেন, ৩৬ দিনের এ কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রার পাশাপাশি পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি ন্যায়বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের সভাপতিত্ব করেন। সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা সভাটি সঞ্চালনা করেন। এ সময় আয়োজকেরা ‘মার্চ ফর ইনসাফ’-এর বিভিন্ন ধাপ ও কর্মসূচির রূপরেখা তুলে ধরেন।
সভায় রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

