ঠাকুরগাঁওয়ে শাশুড়ি-পুত্রবধূ গ্রেপ্তার, উদ্ধার ৯৫৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম হেরোইন

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও সেনপাড়া গ্রামে এ অভিযান চালায় রুহিয়া থানা-পুলিশ।

পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে কশালগাঁও সেনপাড়া গ্রামের মোকসেদুল ইসলাম (৩১) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তিনি ওই মামলার পলাতক আসামি বলে পুলিশ জানিয়েছে।

এ সময় মোছা. লাভলী বেগম (২৩) ও তাঁর শাশুড়ি মোছা. মুর্শিদা বেগমকে (৫৫) আটক করা হয়।

পরে তাঁদের জিজ্ঞাসাবাদ এবং দেখানো মতে মুর্শিদা বেগমের বসতবাড়ির উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী শয়নকক্ষে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বিশেষ কৌশলে বাঁশের সরার ভেতরে রাখা নয়টি নীল রঙের জিপারযুক্ত পলিথিনের প্যাকেট থেকে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া সাদা পলিথিনে মোড়ানো আটটি পুঁটলি থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ উদ্ধার করা ইয়াবা ও হেরোইন জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

Share This Article
Leave a Comment