নিজস্ব প্রতিবেদক :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণ কার্যক্রম নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের এ সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে চার নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
সভায় পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিস্তারিত প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিটি ধাপে কতটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে, তা পর্যালোচনার কথা রয়েছে।
এ ছাড়া উপজেলা সদরের অধীন ইউনিয়ন পরিষদ এবং যেসব এলাকায় নির্বাচিত পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেসব ইউনিয়নকে অগ্রাধিকার দিয়ে প্রথম দিকের ধাপগুলোতে নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে, আইডিইএ প্রকল্পের আওতায় গঠিত পার্সোনালাইজেশন সেন্টারের মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, ব্যক্তিগত তথ্য সংযোজন ও বিতরণ কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়েও সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের বিষয়টিও কমিশনের আলোচ্যসূচিতে রয়েছে।

