নির্বাচিত হলে সরকারি বরাদ্দে দলীয়করণ হবে না: দেলাওয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
3 Min Read

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত হলে সরকারি বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেছেন, সরকারি বরাদ্দের একটি পয়সাও তছরুপ করতে দেওয়া হবে না। কোনো বরাদ্দে দলীয়করণ করা হবে না। দলমত, ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী-নির্বিশেষে সব মানুষ সমানভাবে সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ডেবাডাঙ্গী এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দেলাওয়ার হোসেন। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী।

দেলাওয়ার হোসেন বলেন, অতীতে বিভিন্ন সময়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হয়নি। অনেক ক্ষেত্রে সরকারি বরাদ্দ দলীয় বিবেচনায় বণ্টন করা হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষ নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে তা হবে জনগণের বিজয়। সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।

আসন্ন ২৯ অক্টোবরের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নেতৃত্বে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। যারা সন্ত্রাস ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেন এবং মাদক ও অস্ত্রের রাজনীতি করেন, তাঁদের নেতৃত্বে জনগণ বারবার শোষণের শিকার হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দেলাওয়ার হোসেন আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়তে ন্যায় ও ইনসাফের পক্ষে সবাইকে দাঁড়াতে হবে। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের প্রতিটি নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবেন। তাঁর ভাষ্য, দলমত, ধর্ম-বর্ণ কিংবা জাতিগোষ্ঠীর ভিত্তিতে কাউকে বঞ্চিত করা হবে না।

ইসলামী সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক ও মানবিক নেতৃত্ব প্রয়োজন। যারা আল্লাহকে ভয় করেন, তাঁরা দুর্নীতি, অনিয়ম ও অন্যায় করবেন না এবং অন্যায় হতে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচিত হলে সব নাগরিকের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।

রহিমানপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি হাফেজ ওমর ফারুকের সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদ। এ সময় জেলা যুব বিভাগের সভাপতি শাহজালাল জুয়েলসহ স্থানীয় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment