ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানের সময় আরও তিনজন পালিয়ে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার চন্দন চহট ভাবকী এলাকায় সরকারি বড়াপুকুরের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পুকুর পাহারার জন্য নির্মিত টিনের বেড়া ও টিনের ছাউনিযুক্ত একটি ঘরের কাঠের চৌকিতে বসে থাকা হাসান আলীকে আটক করা হয়। পরে তাঁর দেহ, ঘর ও বাইরে থাকা মোটরসাইকেল তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটে পলিথিনে মোড়ানো তিনটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে রাখা ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা আরও তিনজন পালিয়ে যান। তাঁদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে অধিদপ্তরের দেওয়া তথ্য থেকে জানা যায়। তাঁরা হলেন ঠাকুরগাঁওয়ের পদমপুর এলাকার মো. মাহবুব হাসান মেহেদী ওরফে সেলিম এবং রানীশংকৈলের চন্দন চহট ভাবকী এলাকার মো. রফিক। অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় গ্রেপ্তার হাসান আলী এবং পলাতক অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ইয়াবা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদ বাদী হয়ে রানীশংকৈল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

