ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :জাতীয় নির্বাচনের কয়েক মাসের ব্যবধানে আবারও ভোটের মুখে ঠাকুরগাঁও-১ আসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপনির্বাচন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। তবে আগের জাতীয় নির্বাচনের তুলনায় এবারের ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ কম দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সারা দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হলে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, একটি আসনে উপনির্বাচন হওয়ায় তেমন পরিস্থিতি তৈরি হয়নি। তাঁদের মতে, কয়েক মাস আগেই জাতীয় নির্বাচনে ভোট দেওয়ায় এবার ভোট নিয়ে আগের মতো উচ্ছ্বাস নেই।

অন্যদিকে, ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি তাঁদের সমস্যা ও দাবি গুরুত্ব দিয়ে শুনবেন এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। তাঁরা সৎ, যোগ্য ও ন্যায়নিষ্ঠ জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চান।

সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুত প্রশাসন

উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘ্নে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পাঁচ লাখের বেশি ভোটার নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে এবারের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কতটা হবে, তা নিয়ে আগ্রহ রয়েছে সংশ্লিষ্ট মহলে। ভোটের পরিবেশ স্বাভাবিক রাখা এবং ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Share This Article
Leave a Comment