নীলফামারীতে বিল দিতে অস্বীকৃতি, অফিসে ঢুকে প্রকৌশলীকে পেটালেন ঠিকাদার

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

নীলফামারী প্রতিনিধি :নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো হাফিজুল ইসলামের কার্যালয়ে ঢুকে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নীলফামারী শহরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ঠিকাদারের নাম মো. মিঠু শেখ (৪১)। তিনি মেসার্স মৌরি ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং পৌর শহরের শাহীপাড়া এলাকার মৃত বাদল শেখের ছেলে।

নীলফামারীতে বিল দিতে অস্বীকৃতি, অফিসে ঢুকে প্রকৌশলীকে পেটালেন ঠিকাদার
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের একটি ভবন নির্মাণকাজের সাব ঠিকাদার হিসেবে কাজ করছেন মিঠু শেখ। নির্মাণকাজ চলমান থাকায় বুধবার দুপুরে তিনি নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যান। সেখানে কাজ সম্পূর্ণ না করেই পুরো বিল উত্তোলনের দাবি জানান। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত বিল দেওয়া সম্ভব নয় বলে জানান নির্বাহী প্রকৌশলী। এতে ক্ষিপ্ত হয়ে মিঠু শেখ নির্বাহী প্রকৌশলীর দিকে এগিয়ে গিয়ে তাকে মারধর শুরু করেন। এ সময় প্রকৌশলীর চিৎকার শুনে কার্যালয়ের অন্য কর্মকর্তা কর্মচারীরা ছুটে এসে তাকে রক্ষা করেন। পরে ওই ঠিকাদার প্রকৌশলীকে হুমকি দিয়ে কার্যালয় থেকে চলে যান। পরে আহত অবস্থায় প্রকৌশলী নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত ঠিকাদারের বিচারের দাবিতে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেছেন।

এবিষয়ে নির্বাহী প্রকৌশলী মো হাফিজুল ইসলাম বলেন, ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ শেষ না করেই সম্পূর্ণ বিল দাবি করেন মিঠু শেখ। কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিল দেওয়া সম্ভব নয় জানালে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেন। এসময় অফিসের লোকজন এগিয়ে এসে তাকে সরিয়ে দেন। পরে তিনি আমাকে হুমকি দিয়ে চলে যান।
অভিযুক্ত ঠিকাদার মেসার্স মৌরি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মিঠু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। প্রকৌশলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Share This Article
Leave a Comment