নিজস্ব প্রতিবেদক :দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (১৮ নভেম্বর) দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় টহল বৃদ্ধি, নজরদারি জোরদার এবং যানবাহনে তল্লাশি কার্যক্রম বাড়ানোর কথা বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেসব স্থানেও রাতের বেলায় নিরাপত্তা টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা রয়েছে।
অন্যদিকে, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে বিমানবন্দর এলাকায় নজরদারি আরও কার্যকর করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

