নিজস্ব প্রতিবেদক :১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনাকে ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, এ অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরা কিংবা পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সমাবেশে রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলায় সাজা হয়েছে এবং যেসব মামলা এখনো বিচারাধীন রয়েছে, সেগুলোর আইনগত পরিণতি তাঁকে ভোগ করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আয়োজিত কর্মসূচির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, অন্যায়, নির্যাতন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এই বিক্ষোভ। শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এটি প্রতিবাদের অংশ।
শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা অভিযোগ করেন, বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনিও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করেছিলেন।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় তিনি একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, শিক্ষার্থী ও শ্রমিক হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলোর সাজা এবং বিচারাধীন মামলার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
আওয়ামী লীগের নেতাদের নিয়েও সমালোচনা করেন রিজভী। তাঁর অভিযোগ, দলটির অনেক নেতা দেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থান করছেন। কেউ কলকাতায়, কেউ থাইল্যান্ডের ব্যাংককে, আবার কেউ সিঙ্গাপুরে রয়েছেন। অন্যদিকে দেশে দলটির তৃণমূলের কর্মীদের দিয়ে বিভিন্ন স্থানে বোমাবাজি ও আতশবাজির ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল কিংবা বিএনপির অন্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো সম্ভব নয়। অতীতে গুম, খুন ও নানা ধরনের নির্যাতনের মুখেও তাঁরা আন্দোলন চালিয়ে গেছেন। রবিউল ইসলাম নয়নও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তাঁদের দমিয়ে রাখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
ফ্যাসিবাদ প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করে রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবে না। গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

