বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত
ধর্ম ডেস্ক: বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের ‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে তারেক রহমানকে বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানকালে দেশের বাইরে থেকেই বিএনপির নেতৃত্ব দিয়েছেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। একই বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে।

‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে শীর্ষস্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এ ছাড়া তালিকায় রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তালিকায় আরও স্থান পেয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। অন্যদিকে তার পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনির নাম রাখা হয়েছে প্রয়াত ব্যক্তিত্বদের তালিকায়।

জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতিবছর বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে এ প্রকাশনা প্রকাশ করে থাকে। এতে রাজনীতি, ধর্ম, সমাজ, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়।

Share This Article
Leave a Comment