ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ে সরকারের বিশেষ বক্তব্য নেই

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ডেস্ক নিউজ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে সরকারের বিশেষ কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের রায়ে সরকার খুশি হলো কি না, সেটি গুরুত্বপূর্ণ নয়। বরং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হচ্ছে কি না, সেটিই মূল বিষয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকারের আলাদা করে কিছু বলার নেই। মামলাটিতে সরকারের প্রসিকিউশন দলের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।

জাহেদ উর রহমান বলেন, অনেকে মনে করছেন, মৃত্যুদণ্ডের রায়ে সরকার খুব আনন্দিত। কিন্তু কারও মৃত্যুদণ্ডে আনন্দিত হওয়ার চেয়ে বড় বিষয় হলো, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা যাচ্ছে কি না।

অভিযুক্ত ব্যক্তিরা দেশে থাকলে আদালতে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার এবং নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পেতেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অভিযুক্তরা দেশে থাকলে মামলার অভিযোগগুলো আদালতে মোকাবিলা করতে পারতেন। তবে তারা দেশে না থাকায় সেই সুযোগ হয়নি। মামলার কার্যক্রম ও উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত দিয়েছেন বলে তিনি মনে করেন।

সরকার এ ধরনের বিচারিক সিদ্ধান্তকে স্বাগত জানায় উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এর সঙ্গে কোনো ধরনের প্রতিশোধস্পৃহার সম্পর্ক নেই। সরকারের লক্ষ্য হলো সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সেই মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমে সমাজে ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে কি না, সেটিই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Share This Article
Leave a Comment