শ্রেণিকক্ষে চলছিল পাঠদান, হঠাৎ আগুনের ধোঁয়ায় শিক্ষার্থীদের ছোটাছুটি

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পায়রাবন্দ এলাকায় অবস্থিত বিদ্যালয়টির দ্বিতীয় ভবনের ওপরের তলায় এ আগুন লাগে। এ সময় শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। ধোঁয়া দেখতে পেয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্টোররুমে থাকা কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের নিচতলা ও প্রথম তলার ছয়টি কক্ষে পাঠদান চলছিল। বিদ্যালয়ের মাঠে সন্তানদের জন্য অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁরা চিৎকার শুরু করেন। পরে শিক্ষক ও অভিভাবকেরা দ্রুত শ্রেণিকক্ষ থেকে শিশুদের বাইরে বের করে আনেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠার সিঁড়ির পাশে থাকা একটি তালাবদ্ধ স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। কক্ষটিতে বেশ কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ ও টেবিল রাখা ছিল। আগুন অন্য কোনো কক্ষে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় অভিভাবক অনিক মাহমুদ বলেন, তিনি বিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে ওপরের দিকে তাকিয়ে আগুন দেখতে পান। পরে অন্যদের সঙ্গে মিলে দ্রুত শিক্ষার্থীদের নিচে নামিয়ে আনেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর কর্মীরা এসে আগুন নেভান।

আরেক অভিভাবক আশরাফুল ইসলাম জানান, চিলেকোঠার ওই কক্ষে কীভাবে আগুন লেগেছে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে কক্ষের ভেতরে থাকা বেঞ্চগুলো পুড়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা পারভিন বলেন, শুরুতে তাঁরা আগুনের বিষয়টি বুঝতে পারেননি। পাশের উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মাঠে থাকা অভিভাবকেরা ধোঁয়া দেখতে পেয়ে তাঁদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মশিউর রহমান জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা সম্মিলিতভাবে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ হতাহত হননি। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

এদিকে, রংপুরের পৃথক স্থানে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দেশজুড়ে চলমান অস্থিরতা ও নাশকতার অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসগুলোতে আগুন দিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বাসস্ট্যান্ডের নিরাপত্তা জোরদার এবং যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

Share This Article
Leave a Comment