নিউজ ডেস্ক:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ শিক্ষার্থী ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৯ সালের জন্য ছয়জন, ২০২০ সালের জন্য পাঁচজন এবং ২০২১ সালের জন্য পাঁচজন শিক্ষার্থী রয়েছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউজিসির প্রকাশিত তালিকা নিয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আপত্তি, মতামত বা বক্তব্য থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ তা আগামী ৩১ অক্টোবরের মধ্যে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না এবং প্রকাশিত তালিকাকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে।
২০১৯ সালের মনোনীত ছয়জন
২০১৯ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মো. সাগর ইসলাম, পরিসংখ্যান বিভাগের মো. ইসমাইল হোসাইন রিদয়, ইসলামিক স্টাডিজ বিভাগের সুরাইয়া বিনতে রফিক, অর্থনীতি বিভাগের মিতু রানী রায়, আইন বিভাগের মাহমুদা আমির ইভা এবং মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার। তাঁরা সবাই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০২০ সালের মনোনীত পাঁচজন
২০২০ সালের জন্য নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অনুরাধা পাল, মার্কেটিং বিভাগের মো. নয়ন হোসাইন, গণিত বিভাগের তাসলিমা আক্তার, লোকপ্রশাসন বিভাগের মাহাবুবুল আলম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আনিক মিয়া। তাঁরা ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০২১ সালের মনোনীত পাঁচজন
২০২১ সালের জন্য মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন ইংরেজি বিভাগের রুনা আক্তার, পরিসংখ্যান বিভাগের রেহানা আক্তার তামিম, নৃবিজ্ঞান বিভাগের লায়লা নিগার তানভী, আইন বিভাগের হামিদা সুলতানা এবং ফার্মেসি বিভাগের মৌসুমি আক্তার মিতু। তাঁরা ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে ইউজিসি ২০০৫ সালে এ পুরস্কার চালু করে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জন এবং নিজ নিজ ক্ষেত্রে প্রথম স্থান লাভ করা শিক্ষার্থীদের সাধারণত এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করার তথ্য জানানো হয়েছিল।
এদিকে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য এবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।

