পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের বোদা উপজেলায় চুরির অভিযোগে স্থানীয়দের মারধরে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের বাসিন্দা। তিনি তাজিম উদ্দিন তাজুর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার গভীর রাতে লস্করপাড়া গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে বাড়ির লোকজন তাঁকে আটক করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে অতীতে চুরির অভিযোগে ৯টি মামলা রয়েছে। গণপিটুনিতে মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদনা নোট: অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে চূড়ান্তভাবে উপস্থাপন করা উচিত নয়।

