ঠাকুরগাঁওয়ের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না: মাসুদুল ইসলাম মুন্না

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
মাসুদুল ইসলাম মুন্না, আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল।ছবি:দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশকে ভঙ্গুর রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পথে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না বলেছেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে বিভিন্ন মহল নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।
আজ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাসুদুল ইসলাম মুন্না বলেন, ‘আমরা এমন একটি সময়ে এসে দাঁড়িয়েছি, যখন বাংলাদেশ ভঙ্গুর রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময়েই বাংলাদেশের পক্ষে জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ়ভাবে কথা বলছে । এই ধারাবাহিকতা যাতে অব্যাহত না থাকে, সে জন্য বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে।’

তিনি অভিযোগ করেন, জামায়াতের ছত্রচ্ছায়ায় দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে এবং বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর দাবি, ঠাকুরগাঁওয়ের নির্বাচন সুষ্ঠু না হলে সারা দেশে সরকার পতনের আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে।
মুন্না বলেন, ‘ঠাকুরগাঁওয়ের মাটি বিএনপির ঘাঁটি। ঠাকুরগাঁওয়ের সন্তান আজ দেশের সর্বোচ্চ আসনে উপনীত হয়েছেন। ফাঁকা বুলি দিয়ে ঠাকুরগাঁওয়ের মানুষকে বিভ্রান্ত করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘বেহেশত কারও বাপ-দাদার সম্পত্তি নয়। বেহেশত আল্লাহ ও তাঁর রাসুলের। যারা বেহেশতের টিকিট বিক্রির কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে।’

আগামী ২৯ তারিখের উপনির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যত ষড়যন্ত্রই হোক,আমরা কোনো ফাঁদে পা দেব না। কেউ গন্ডগোলের পরিস্থিতি তৈরি করতে চাইলে আমরা সংযত থাকব।’
তবে দলের অস্তিত্বের ওপর আঘাত এলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি। একই সঙ্গে নেতা-কর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে ২৯ তারিখ মাঠে থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের আগামী ২৯ তারিখের উপনির্বাচন শুধু একটি নির্বাচন নয়; এর সঙ্গে জেলার সাধারণ মানুষের ভবিষ্যৎ ও ভাগ্যের বিষয়টি জড়িত।

Share This Article
Leave a Comment