চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ফল পুনর্নিরীক্ষণের সুযোগ। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
এবার পুনর্নিরীক্ষণের আবেদন
প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সম্পূর্ণ আবেদন অনলাইনে করতে হবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
যেভাবে আবেদন করবেন
প্রথমে http://rescrutiny.eduboardresults.gov.bd ওয়ে
বসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
এরপরের পেজে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে।
কত টাকা লাগবে?
পুনর্নিরীক্ষণের জন্য প্রতি পত্রে ১৫০ টাকা হারে ফি দিতে হবে। কোনো বিষয় দুই পত্রের হলে, দুই পত্রের জন্যই আবেদন করতে হবে।
ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবা ব্যবহার করে। অর্থ পরিশোধের নিয়ম বিস্তারিত জানতে সংশ্লিষ্ট পোর্টালের ‘হেল্প’ অপশন থেকে নির্দেশনা দেখে নেওয়া যাবে।
ফি পরিশোধের পর পুনর্নিরীক্ষণের আবেদন পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন পরিবর্তনের সুযোগ
ফি পরিশোধের পরও যদি অন্য কোনো বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করতে চান, তাহলে একই প্রক্রিয়ায় নতুন বিষয় যুক্ত করা যাবে। তবে সেক্ষেত্রে পুনরায় মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
অন্যদিকে, ফি দেওয়ার আগে নির্বাচিত বিষয়ে পরিবর্তন করতে চাইলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে যেসব বিষয়ের ফি এখনো দেওয়া হয়নি, সেগুলো বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার কোনো বিষয়ের ফি পরিশোধ হয়ে গেলে সেটি আর বাতিল করা যাবে না। একই সঙ্গে পরিশোধ করা কোনো ফিও ফেরত দেওয়া হবে না।
শিক্ষা বোর্ড জানিয়েছে, ম্যানুয়াল বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

