অস্ত্র নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
অস্ত্র নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ | ছবি: দৈনিক উত্তর দিগন্ত

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা আদালতে মামলার হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছেন ১১ জন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বার থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৪৫), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২২), আরিফুল শেখ (২২), তারেখ শেখ (৩২), জুলফিকার মোল্যা (৪৫) ও শরিফুল মোল্যা (৪০)।

পুলিশ জানায়, মারামারির একটি মামলায় হাজিরা দিতে এসে তাঁরা আদালত চত্বরে একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নড়াইল সদর থানা পুলিশের একটি দল। পরে চেম্বার থেকে ১১ জনকে আটক করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে রামদা, চাপাতি ও দাসহ ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটকের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালত এলাকায় অস্ত্র নিয়ে আসার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share This Article
Leave a Comment