কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের সরকারি প্রণোদনা ও বিভিন্ন সুবিধা সহজে পৌঁছে দিতে আগামী ১ অক্টোবর চালু হচ্ছে ডিজিটাল ‘কৃষক কার্ড’।
কৃষক কার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ ভার্চ্যুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুক্ত হবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার স্থানীয় কৃষকদের সঙ্গে অনলাইনে সরাসরি কথা বলবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও অভিজ্ঞতার কথা শুনবেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রান্তিক ও প্রকৃত কৃষকদের সঠিক তালিকা তৈরি, তাদের কাছে সরকারি আর্থিক সহায়তা ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়া এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্যেই ডিজিটাল কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচিকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কৃষকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, ডিজিটাল কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের প্রয়োজনীয় তথ্য, কৃষি পরামর্শ ও সরকারি ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে আরও সহজ ও সরাসরি সুবিধা পাবেন। তিনি বলেন, ১ অক্টোবরের উদ্বোধনী অনুষ্ঠানে রুহিয়ার কৃষকদের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

