ভোটগ্রহণে কোনো অনিয়ম হচ্ছে না জামায়াত প্রার্থী দেলাওয়ার

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের পরিবেশ ভালো রয়েছে এবং কোনো অনিয়ম হচ্ছে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে। তবে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

বেগুনবাড়ি ইউনিয়নের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, ‘ভোটের পরিবেশ সুন্দর। ভোটগ্রহণে কোনো অনিয়ম হচ্ছে না। আমি আশাবাদী বিজয়ী হব।’

একই আসনের বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনও ভোট দেওয়ার পর নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভোটগ্রহণ কেবল শুরু হয়েছে। পরিবেশ সুন্দর রয়েছে এবং তিনি বিপুল ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা আসমা বেগম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বলেও জানান তিনি।

আবুল হোসেন নামের এক ভোটার বলেন, জেলার উন্নয়নের প্রত্যাশায় পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তাঁর মতে, ভোটের পরিবেশ ভালো এবং কোনো অনিয়ম হচ্ছে না।

আরেক ভোটার নাবিল হোসেন বলেন, এবারসহ জাতীয় নির্বাচনে দুইবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর ভাষ্য, ভোটের পরিবেশ সুন্দর থাকলেও ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।

১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্রার্থী

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমিন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Share This Article
Leave a Comment