সৌদি উপকূলের কাছে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, হতাহত নেই

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

 আন্তর্জাতিক ডেস্ক :  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাস আল খাফজি এলাকার প্রায় ৭২ নটিক্যাল মাইল পূর্বে ট্যাঙ্কারটিতে আঘাত হানা হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও।

সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলার ঘটনাস্থল আরব উপসাগরে, যা পারস্য উপসাগর নামেও পরিচিত। অজ্ঞাত একটি বস্তু ট্যাঙ্কারটিতে আঘাত হানে। তবে এতে জাহাজের কোনো ক্রু আহত বা নিহত হননি। জাহাজে থাকা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

হামলার ঘটনায় পরিবেশগত ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি। তবে ট্যাঙ্কারটিতে কী ধরনের বস্তু আঘাত হেনেছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি ও আরব সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী কিছু জাহাজকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হলেও সৌদি উপকূলের কাছে সর্বশেষ ট্যাঙ্কারে হামলার জন্য দায়ী পক্ষের পরিচয় নিশ্চিত করা যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Share This Article
Leave a Comment