আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
5 Min Read
ছবি: সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার কেড়ে নিয়ে ভবিষ্যতে কেউ যেন দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সে অঙ্গীকার নিয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সিপাহী-জনতার বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করতে হবে।  শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান—প্রতিটি ঐতিহাসিক ঘটনা প্রমাণ করেছে, জাতীয় স্বার্থ ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষ কখনো আপস করেনি। সবকিছুর ঊর্ধ্বে তাদের কাছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের কাছে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ ও গৌরবের দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র প্রতিহত করেছিল।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র গভীর রূপ নেয়। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর দিবাগত রাতে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে সপরিবারে গৃহবন্দি করা হয়। দেশের স্বার্থবিরোধী সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সিপাহী-জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল।

তারেক রহমানের ভাষ্য, যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে, জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে এবং সশস্ত্র বাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করতে চেয়েছিল, ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে তাদের পরাজয় ঘটেছিল।

তবে পরাজিত শক্তির ষড়যন্ত্র পরবর্তী সময়েও অব্যাহত ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন সময়ে তারা পুনরায় সংগঠিত হয়ে দেশের স্বাধীনতা ও জনগণের অধিকারকে হুমকির মুখে ফেলেছে। পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাকাণ্ডের মাধ্যমে সশস্ত্র বাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে এবং জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অপশক্তির পরাজয় ঘটে। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে হতাহত ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রাম। তাঁর মতে, ১৯৭৫ সালের ৭ নভেম্বরও সিপাহী-জনতা একইভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ দিন। দেশ যখনই এ দিনের চেতনা থেকে বিচ্যুত হয়েছে, তখনই স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ভেদে সব নাগরিকের পরিচয় একটাই—আমরা বাংলাদেশি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ—সবার সম্মিলিত পরিচয়ই দেশের জাতীয় ঐক্যের ভিত্তি। ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিকে আরও সুদৃঢ় করেছিল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে লড়াই এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে তাঁর অবস্থান ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস শুধু অতীতের স্মৃতিচারণ নয়; সঠিক ইতিহাস একটি জাতির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। নতুন প্রজন্ম ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না।

তিনি বলেন, স্বাধীনতা অর্জন যেমন গৌরবের, তেমনি সেই স্বাধীনতার মর্যাদা রক্ষা করাও প্রতিটি প্রজন্মের দায়িত্ব। তরুণদের নিরাপদ, সমৃদ্ধ, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। এ জন্য তাদের মেধা ও সম্ভাবনা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী মানুষের কণ্ঠে উচ্চারিত হোক—‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কেউ, সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), বাংলাদেশ স্কাউটস এবং দেশের জনগণকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিশেষ প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিএনসিসির তিন হাজার ক্যাডেট ও বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, তিন বাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষার্থী, তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment