ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিলো হুথিরা

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

 আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনীর ৬০০ সদস্যকে মুক্তি দিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) দেশটির রাজধানী সানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। সংবাদমাধ্যম দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর এসব সরকারি সেনাকে আটক করেছিল হুথি বিদ্রোহীরা। এবার কোনো ধরনের বন্দি বিনিময় ছাড়াই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।

সানার বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আব্দেলকাদের আল-মুর্তাদা জানিয়েছেন, কোনো বিনিময় ছাড়াই একসঙ্গে এত বেশি বন্দি মুক্তির ঘটনা তাঁদের ইতিহাসে নজিরবিহীন। এর আগে মানবিক বিবেচনায় আরও ২ হাজার ৬১২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে ইয়েমেন সরকার হুথিদের যোদ্ধাদের মুক্তি দেয়নি বলে অভিযোগ করেন এই কর্মকর্তা।

মুক্তির আগে আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রতিনিধিরা ৬০০ বন্দির প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ওই বছর রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ অঞ্চল দখলে নেয় হুথি বিদ্রোহীরা। পরের বছর ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সংঘাতে হস্তক্ষেপ করে।

দীর্ঘ সাত বছর সামরিক অভিযান চালিয়েও হুথিদের পরাস্ত করতে পারেনি জোটটি। পরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

তবে চলতি বছরের জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত শুরু হয়। এতে ইয়েমেনে আবারও পূর্ণমাত্রার গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: দ্য নিউ আরব

Share This Article
Leave a Comment