আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২৬ বছর পর হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০০ সালে দেশটিকে হাম নির্মূলের মর্যাদা দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সংক্রমণ বৃদ্ধি এবং দীর্ঘ সময় ধরে ভাইরাসটির বিস্তারের কারণে সেই স্বীকৃতি আর বহাল থাকছে না। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বলিভিয়া ও মেক্সিকোও হারিয়েছে এই মর্যাদা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা মহাদেশের আঞ্চলিক স্বাস্থ্য সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো)।
সংস্থাটির পরিচালক জারবাস বারবোসা বলেন, তিনটি দেশের জন্য এটি বড় ধরনের বিপর্যয়। তবে পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে সংশ্লিষ্ট দেশগুলো বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। টিকাদান কর্মসূচি জোরদার, রোগ পর্যবেক্ষণ এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বারবোসার মতে, হাম নির্মূলের স্বীকৃতি হারানো শুধু একটি আনুষ্ঠানিক মর্যাদা হারানোর বিষয় নয়। এর অর্থ, দীর্ঘ সময় ধরে দেশগুলোতে ভাইরাসটির সংক্রমণ অব্যাহত ছিল। এতে বহু মানুষ এমন একটি রোগে আক্রান্ত হয়েছেন, যা টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি বেড়েছে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি।
জনস হপকিনস ইউনিভার্সিটি সেন্টার ফর হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ গবেষক আমেশ আদালজা বলেন, পাহোর ঘোষণা মূলত আগে থেকেই দৃশ্যমান পরিস্থিতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র এখন আর হাম নিয়ন্ত্রণে সক্ষম অবস্থানে নেই।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৭ হাজার ৭০০ মানুষ হামে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই জীবনে কখনো হামের টিকা নেননি। গত তিন দশকের মধ্যে ২০২৫ ও ২০২৬ সালে দেশটিতে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব দেখা গেছে।
হাম নির্মূলের স্বীকৃতি ফিরে পেতে যুক্তরাষ্ট্রকে একটি সংশোধনমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে বলে জানিয়েছে পাহো। এতে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া কৌশল ও পদক্ষেপের বিস্তারিত উল্লেখ থাকতে হবে। পাশাপাশি পরবর্তী ১২ মাসে দেশটিতে ভাইরাসটির কোনো অস্তিত্ব নেই—এমন প্রমাণও দিতে হবে।
টিকাদান নিয়ে উদ্বেগ, চাপে মার্কিন স্বাস্থ্য বিভাগ
যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বাড়ার পেছনে টিকাদানের হার কমে যাওয়া এবং টিকা নিয়ে মানুষের মধ্যে দ্বিধাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। দীর্ঘদিন ধরে তিনি বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই হামের টিকার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন।
তবে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কেনেডি জুনিয়র বলেছেন, যুক্তরাষ্ট্রকে আবারও হাম নির্মূলের অবস্থানে ফিরিয়ে নিতে কাজ করবে সরকার। একই সঙ্গে নাগরিকদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয় হাম শনাক্তকরণ ও চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষ ও তাঁদের পরিবারের সদস্যদের টিকার সুবিধা এবং ঝুঁকি সম্পর্কেও তথ্য জানাবে বলে উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৪১২ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ছয়জন। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাবে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সিডিসি জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধ এবং যুক্তরাষ্ট্রকে পুনরায় হাম নির্মূলের অবস্থানে ফিরিয়ে আনতে কাজ করছে সংস্থাটি। এ লক্ষ্যে অঙ্গরাজ্যগুলোকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বিত নেতৃত্ব দেওয়া হবে।
সিডিসির পরিচালক এরিকা শোয়ার্জ এক বিবৃতিতে বলেন, মার্কিন নাগরিকদের সুরক্ষা শুধু হাম নির্মূলের স্বীকৃতির ওপর নির্ভর করে না। বরং টিকাদানের মাধ্যমেই প্রকৃত সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

