অনলাইন ডেস্ক :দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তরুণদের কর্মমুখী করে গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সক্রিয়ভাবে যুক্ত করতে হবে।
রোববার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের অগ্রগতি নিশ্চিত করতে যুবসমাজকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তাদের হাতে উন্নয়নের দায়িত্ব তুলে দেওয়ার পাশাপাশি দক্ষ ও কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তোলা জরুরি।
তিনি আরও বলেন, সমাজের সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে। সামাজিক অসংগতি ও নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
রাজনীতিতে সংসদীয় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সব বিষয় নিয়ে রাজনীতি না করে দেশের উন্নয়নে কাজ করতে হবে। রাজপথের পরিবর্তে সংসদকেন্দ্রিক রাজনৈতিক চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর সেই অর্জনকে কাজে লাগানোর কথাও বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, কেবল রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে হলে পরিকল্পিতভাবে রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
দক্ষ জনশক্তি তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শিক্ষিত ও প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠাতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুযোগ বাড়বে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

