পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর এ নিয়ে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। তবে এ বিষয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। আইনজীবীদের দাবি, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে দ্রুত নতুন পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে এবং অনেকে দেশের বাইরে অবস্থান করছেন।

এদিকে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রয়টার্স।

Share This Article
Leave a Comment