ডেস্ক নিউজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—রসিকনগর বাবুপুর গ্রামের মনোয়ারা বেগম (৬০) ও তাঁর স্বামী মফিজুল হক (৭৫)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মফিজুল হক ও মনোয়ারা বেগমের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেন। এরপর তিনি নিজ ঘরে গিয়ে ফ্যান ঝোলানোর হুকের সঙ্গে গলায় ফাঁস দেন।
মফিজুল হকের পুত্রবধূ শাপলা বেগম জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। দুপুরের পর বাড়িতে ফিরে শাশুড়ির ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

