‘পীরগঞ্জ বিএনপির নেতা ইউএনও’—ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
পীরগঞ্জ বিএনপির নেতা ইউএনও’—ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের রাজনৈতিক বক্তব্য চলাকালে হাততালি দিয়ে সমর্থন জানানোর অভিযোগ উঠেছে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে জানতে চাইলে ইউএনও গোলাম রব্বানী সরদার সাংবাদিককে বলেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ তাঁর এমন মন্তব্যও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের একটি পূজামণ্ডপ পরিদর্শনে যান সংসদ সদস্য জাহিদুর রহমান। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, জনগণ তাঁকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান আবারও প্রার্থী হবেন। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের সাইদুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

সংসদ সদস্যের দুই মিনিটের বেশি সময়ের বক্তব্য চলাকালে তাঁর পাশে বসা ইউএনও গোলাম রব্বানী সরদারকে হাততালি দিতে দেখা যায়। ভিডিওতে বক্তব্যের বিভিন্ন পর্যায়ে তাঁকে করতালি দিয়ে সমর্থন জানাতে দেখা গেছে। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও সাংবাদিককে বলেন, ‘তাহলে লিখে দেন, এমপির সঙ্গে ইউএনও নির্বাচনি প্রচারণায়। আপনি শোনেন, এভাবে বলেন যে, ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ, ঠিক আছে?’

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘যে সরকার থাকত, যে দলের সরকার থাকত, আমি সেই দলেরই নেতা। বোঝা গেছে মেসেজটা? আমার দল আছে। আমার দল কী? সরকারি দল। আমার আদর্শ সরকারি দলের আদর্শ।’

এ সময় ওই বক্তব্যের অংশবিশেষ প্রচার করে তাঁকে ভাইরাল করার কথাও বলেন ইউএনও। তাঁর ভাষ্য, ‘তাহলে আপনার ওই অংশটুকুই খালি ক্লিপে বের করেন আর লিখে দেন, যাতে করে আমি একটু ভাইরাল হই সারা দেশে। আই ওয়ান্ট টু বি ভাইরাল, ওকে?’

সংসদ সদস্যের সঙ্গে প্রশাসনিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ইউএনও আরও বলেন, ‘এগুলোর বাইরে যাওয়ার ক্ষমতা আমার কেন, আমার সেক্রেটারিরই নাই, আমার ডিসি স্যারের নাই, আমার কমিশনার স্যারের নাই। পরিষদের আমি প্রশাসনিক কর্মকর্তা। সব কাজ সংসদ সদস্যকে জিজ্ঞেস করে করতে হবে। চিঠি আছে আমার কাছে, দেখবেন আপনি?’

এদিকে সরকারি কর্মকর্তার এমন আচরণের সমালোচনা করেছেন রাজনৈতিক নেতারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম বলেন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যে হাততালি দিতে পারেন, তা বোধগম্য নয়।

তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির একজন প্রার্থীকে সমর্থন দিয়ে সংসদ সদস্য বক্তব্য দিচ্ছেন। সেখানে ইউএনওর সবার আগে হাততালি দিয়ে সমর্থন জানানো কোনোভাবেই কাম্য নয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ইউএনওর আচরণ নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। একজন সরকারি কর্মকর্তার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যে এমন প্রতিক্রিয়া প্রশাসনিক নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার প্রশ্ন সামনে এনেছে।

Share This Article
Leave a Comment