পঞ্চগড় প্রতিনিধি : দেশে দিন দিন ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এ রোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশন এ ম্যারাথনের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা নয়, বরং এটি প্রতিটি পরিবারের জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এ রোগ প্রতিরোধে চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকি থেকে সুরক্ষিত করা সম্ভব।
তিনি আরও বলেন, রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে না পড়ে কিছু সময় হাঁটাহাঁটি করা উচিত। নিয়মিত শারীরিক পরিশ্রম, ব্যায়াম ও হাঁটার অভ্যাস গড়ে তুললে সুস্থ থাকা এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়তা পাওয়া যায়।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক ম্যারাথনের আয়োজন করায় শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন ফরহাদ হোসেন আজাদ। প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনিও পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন। দৌড় শেষে একই স্থানে ফিরে এসে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তিনি।
অনুষ্ঠানে পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

