ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুসরণ করে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতের এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা।

এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।

চলতি শিক্ষাবর্ষে আইবিএ ইউনিট ছাড়া বাকি চারটি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ১৫০ টাকা করে বাড়ানো হয়েছে। বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, চারুকলা ইউনিটে ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। আইবিএ ইউনিটের আবেদন ফি আগের মতোই ১ হাজার ৫০০ টাকা রাখা হয়েছে।

এ ছাড়া ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে ভর্তির শর্ত শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভিন্ন বিভাগের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেডের শর্ত কমানো হয়েছে।

গত ৯ নভেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, শিক্ষার্থীরা সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখা অথবা অনলাইনে ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে পারবেন।

হাইকোর্টের নতুন নির্দেশনার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

Share This Article
Leave a Comment