সিলেট ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি:  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন দুই সাংবাদিক। তাঁদের দাবি, রোগীর স্বজনদের মারধরের ঘটনা ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় রোগীর দুই স্বজনও মারধরের শিকার হন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অস্ত্রোপচার কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী দুই সাংবাদিক হলেন সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদার এবং শ্যামল সিলেটের আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল। তাঁদের ভাষ্য, ঘটনার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কর্মবিরতির কারণ দেখিয়ে তাঁদের ভর্তি করা হয়নি। পরে তাঁরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

রেজা রুবেল জানান, হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের খবর পেয়ে তিনি সেখানে যান। পরে কয়েকজন সহকর্মীও ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে ছবি তুলতে গেলে তাঁদের ওপর হামলা করা হয়। এ সময় স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তাঁদের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীরা তাঁদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন। পরে অন্য সহকর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করেন।

রোগীর স্বজনদের সঙ্গে বিরোধের দাবি ইন্টার্ন চিকিৎসকের

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকিন হান্না বলেন, বুধবার হাসপাতালে রোগীর চাপ বেশি ছিল। অস্ত্রোপচারের জন্য প্রায় ৬০ জন রোগী অপেক্ষায় ছিলেন। সিরিয়াল নিয়ে বিরোধের একপর্যায়ে রোগীর স্বজনেরা কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা করেন। এতে দুই চিকিৎসক আহত হন বলে তাঁর দাবি।

রাকিন হান্নার ভাষ্য অনুযায়ী, ওই সময় রোগীর স্বজনদের একজন নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছিলেন। পরে এমবিবিএস ও বিডিএসের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ান এবং পরিস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে থাকা কয়েকজনকে পুলিশ নিয়ে গেছে বলেও জানান তিনি।

দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রাকিন হান্না বলেন, তিনি দুজনের বিষয়ে জানেন না, তবে একজনকে চেনেন। তাঁর সাংবাদিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে হাসপাতালের উপপরিচালক হুমায়ুন কবিরের সঙ্গে বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

অন্যদিকে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, হাসপাতালের পরিস্থিতি শান্ত রয়েছে।

Share This Article
Leave a Comment