নিউজ ডেস্ক:টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্টেশনমাস্টার সোহেল ঘটনাটি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের (ট্রেন নম্বর ৭৬৫) শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়। এতে রেললাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে এবং ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত হয়।
ট্রেনের যাত্রী ইমরান জানান, দীর্ঘ সময় ধরে ট্রেন আটকে থাকায় তাঁরা ভোগান্তিতে পড়েছেন। সকাল ৯টার দিকে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় বলে জানান তিনি।
মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সোহেল বলেন, লাইনচ্যুতির কারণে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইন মেরামতের কাজ চলছে। কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রেল যোগাযোগ স্বাভাবিক করতে মেরামতের কাজ চলমান থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

