গোপালগঞ্জে আওয়ামী লীগের শোডাউন, বিএনপি-যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গোপালগঞ্জ শহরজুড়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক, ভ্যান, গাড়ি ও মোটরসাইকেলে করে শত শত নেতাকর্মী শহরে প্রবেশ করতে শুরু করেন বলে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান।

তারা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে প্রবেশ করে লাঠিসোটা হাতে বিভিন্ন সড়কে মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

এ ছাড়া শহরের লঞ্চঘাট বাজার এলাকা, পাঁচুরিয়াসহ বিভিন্ন স্থানে মিছিল ও মহড়া চালানো হয়। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে শহরের বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়ায় কুশলী ইউনিয়ন বিএনপি কার্যালয় এবং বর্ণি ইউনিয়নের এক যুবদল নেতার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে পুলিশ, এপিবিএন, এসআরপি এবং ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেও আকস্মিক এই মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Share This Article
Leave a Comment