নিজস্ব প্রতিবেদক :রংপুর নগরীতে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় কোচিং সেন্টারের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, প্রায় ২২ বছর ধরে রংপুরে শিক্ষকতা ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ২৮ আসনের বাসটি কেনা হয়েছিল। এটি দিয়ে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করা হতো।
তিনি বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার শিক্ষার্থীদের পরিবহন শেষে বাসটি কোচিং সেন্টারের সামনে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। একমাত্র পরিবহনটি পুড়ে যাওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আলম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। বাসটি পর্যটন মোড়সংলগ্ন ফুরফুরা খানকা শরিফের সামনে রাখা ছিল।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতার আশঙ্কা রয়েছে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, অন্য এলাকার ঘটনার সঙ্গে এ অগ্নিসংযোগের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নগরীর শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

