নিজস্ব প্রতিবেদক: রংপুর নগরীতে পরপর দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোচিং সেন্টারের বাসে আগুন দেওয়ার ঘটনার এক দিন পর এবার কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি বাস পুড়ে গেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর টার্মিনাল রোডের মৎস্য আড়তের সামনে এ ঘটনা ঘটে।
বাসটির মালিক হৃদয় আহমেদ জানান, নীলফামারীর জলঢাকা রুটে চলাচলের জন্য দুই দিন আগে বাসটি কিনেছিলেন তিনি। ‘হৃদয়-তাহসিন’ নামের বাসটি চলাচলের উপযোগী করতে মৎস্য আড়তের সামনের একটি ওয়ার্কশপে ঝালাইয়ের কাজ করানো হচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে কাজ শেষ হওয়ার পর বাসটি সেখানেই রাখা ছিল। পরে দুপুরে এতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এদিকে পুলিশ প্রাথমিকভাবে ঝালাইয়ের কাজের সময় অসাবধানতাবশত আগুন লাগার বিষয়টি ধারণা করছে। তবে বাসের মালিকের দাবি, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীরাও আগুনের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ওয়ার্কশপের কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, বাসটিতে ঝালাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একই সড়কের পর্যটন মোটেল-সংলগ্ন সিদ্দীকিয়া বিশ্ব ইসলাম মিশনের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। ওই মিনিবাসটি লুমিনাস কোচিং সেন্টারের নিজস্ব পরিবহন ছিল।
পরপর দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

