নিউজ ডেস্ক: ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চীন-পাকিস্তান তথ্য করিডর (সিপিআইসি)। তবে এই উদ্যোগকে ঘিরে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সমালোচকদের আশঙ্কা, অপতথ্য মোকাবিলার নামে দুই দেশের সরকার সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর সুযোগ পেতে পারে।
বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) নিয়ে সমালোচনামূলক সংবাদ ও অনুসন্ধানী প্রতিবেদনকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করার আশঙ্কা রয়েছে। এতে সরকারের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের ওপর চাপ তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে।
দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর ইসলামাবাদের পাকিস্তান-চীন ফ্রেন্ডশিপ সেন্টারে আনুষ্ঠানিকভাবে সিপিআইসির উদ্বোধন করা হয়। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এবং পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং।
অনুষ্ঠানে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতার জন্য চীনা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান।
১৮ গণমাধ্যমের যৌথ উদ্যোগ
সিপিআইসির আওতায় চীন ও পাকিস্তানের ১৮টি গণমাধ্যম প্রতিষ্ঠান সংবাদ ও বিভিন্ন ধরনের কনটেন্ট বিনিময় করবে। পাশাপাশি দুই দেশের গণমাধ্যম যৌথভাবে সংবাদ তৈরি করবে। বিভ্রান্তিকর হিসেবে বিবেচিত প্রতিবেদনগুলোর জবাব দিতে গঠন করা হবে একটি ফ্যাক্ট-চেকিং ইউনিট।
এ ছাড়া দুই দেশের গবেষণা প্রতিষ্ঠান ও থিংকট্যাংকগুলো যৌথ গবেষণা এবং প্রকাশনা কার্যক্রম পরিচালনা করবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এই উদ্যোগকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেছেন। কয়েক বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ ও অর্থায়নে পরিচালিত সিপিইসি পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রকল্প।
সিপিআইসির ধারণা অবশ্য নতুন নয়। ২০২৪ সালের মার্চে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সিপিইসি নিয়ে ভুয়া খবর মোকাবিলায় চীন ও পাকিস্তানকে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে ২০২১ সালে চীন-পাকিস্তান মিডিয়া ফোরাম একটি মিডিয়া করিডর গঠনের ঘোষণা দিয়ে এ বিষয়ে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে এর আগে বলা হয়েছিল, যৌথভাবে একটি নার্ভ সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানের তথ্যপ্রবাহ পর্যবেক্ষণ ও প্রভাবিত করার ক্ষেত্রে চীন উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
কাদের হাতে থাকবে তথ্য যাচাইয়ের ক্ষমতা?
সিপিআইসির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ও কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে। চীনের পক্ষ থেকে অংশ নিচ্ছে সিনহুয়া, চায়না মিডিয়া গ্রুপ ও পিপলস ডেইলি। অন্যদিকে পাকিস্তান-চীন ইনস্টিটিউট দুই দেশের থিংকট্যাংকগুলোর যৌথ গবেষণা ও প্রকাশনা কার্যক্রম সমন্বয় করবে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের মতে, এই উদ্যোগ দুই দেশের পক্ষে জনমত ও বয়ান তৈরিতে সহায়তা করবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, দুই দেশই অপতথ্য, ভুয়া খবর ও মিথ্যার মুখোমুখি হচ্ছে। এসব মোকাবিলা করে দুই দেশের অনুকূলে জনমত তৈরিতে সিপিআইসি ভূমিকা রাখবে।
তবে উদ্যোগটি নিয়ে বড় প্রশ্ন উঠেছে তথ্য যাচাইয়ের নিরপেক্ষতা ঘিরে। কোন সংবাদকে ভুয়া বা বিভ্রান্তিকর বলা হবে, সেই সিদ্ধান্ত কে নেবে? দুই দেশের সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত সংবাদ যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, তা নিয়েও সংশয় রয়েছে।
পাকিস্তানে সাংবাদিকদের জন্য কঠোর হচ্ছে পরিবেশ
পাকিস্তানে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে দেশটির সরকার ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন (পেকা) সংশোধন করে।
সংশোধিত আইনের ২৬-এ ধারায় জেনেশুনে বা যুক্তিসংগতভাবে মিথ্যা বলে বিশ্বাস করা হয়—এমন তথ্য ছড়ানোর দায়ে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ২০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্যের কারণে জনমনে ভয়, আতঙ্ক বা অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকার শর্ত রয়েছে।
এ ছাড়া সংশোধিত আইনে সরকারনিয়ন্ত্রিত নিয়ন্ত্রক সংস্থাকে অনলাইন কনটেন্ট অপসারণের বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে। এর আওতায় পাকিস্তানের আদর্শবিরোধী হিসেবে বিবেচিত কনটেন্টও সরিয়ে ফেলার সুযোগ রয়েছে।
রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) তথ্য অনুযায়ী, আইন সংশোধনের পর প্রথম নয় মাসে পেকা আইনে অন্তত নয়জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হয়। ২০২৫ সালের মার্চে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন রাফতার প্রতিষ্ঠাতা ফারহান মালিক।
এ ছাড়া ডন-এর সাংবাদিক মুহাম্মদ আকবর নোটজাইকে নোটিশ পাঠায় পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। বেলুচিস্তানে দুর্নীতি নিয়ে ২০২৪ সালে প্রকাশিত তাঁর একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর এ পদক্ষেপ নেওয়া হয়। বেলুচিস্তানেই অবস্থিত সিপিইসির গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দর।
২০২৬ সালের এপ্রিল নাগাদ পাকিস্তান সরকার পেকা আইনের ২৬-এ ধারায় ১৮৭টি মামলা দায়েরের তথ্য জানিয়েছিল। অন্যদিকে, ফ্রিডম নেটওয়ার্ক ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সাংবাদিকদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ১২৯টি ঘটনা নথিভুক্ত করে। এর মধ্যে ৫৮টি ছিল আইনি মামলা, যার অধিকাংশই পেকা আইনের আওতায়।
ফ্রিডম নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ইকবাল খট্টকের মতে, সংশোধিত আইন সাংবাদিকদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করেছে। মামলা ও গ্রেপ্তারের আশঙ্কায় অনেক সাংবাদিক নিজেরাই নিজেদের ওপর সেন্সরশিপ আরোপ করছেন।
সংবাদমাধ্যমের স্বাধীনতায় পিছিয়ে চীন-পাকিস্তান
আরএসএফের ২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রকাশিত সংবাদ নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁদের দমনও করে।
পেকা আইনের সংশোধনী স্থগিত চেয়ে পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছিল। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আদালত জানায়, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মাধ্যমে সংশোধনীটি স্থগিত করা সম্ভব নয়।
সিপিইসি নিয়ে সমালোচনাও পাকিস্তানে দীর্ঘদিন ধরে সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২০২২ সালে ফরেন পলিসি সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছিল, সিপিইসির সমালোচনাকে পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনার মতোই বিবেচনা করা হচ্ছে। নির্ধারিত সীমা অতিক্রম করলে সাংবাদিকদের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা থেকে হোয়াটসঅ্যাপে সতর্কবার্তা পাঠানো হতো।
২০২০ সালে প্রকাশিত ব্রুকিংসের ‘অ্যাট অল কস্টস’ শীর্ষক গবেষণাপত্রেও সিপিইসি নিয়ে চীন ও পাকিস্তান সরকারের অবস্থান এবং প্রকল্পটির ভাবমূর্তি রক্ষার প্রচেষ্টা তুলে ধরা হয়েছিল।
চীনের সংবাদমাধ্যমের স্বাধীনতার চিত্রও উদ্বেগজনক। আরএসএফের ২০২৬ সালের সূচকে ১৮০টি দেশের মধ্যে চীনের অবস্থান ১৭৮তম। সংস্থাটির হিসাবে, দেশটিতে ১২১ জন গণমাধ্যমকর্মী কারাবন্দী রয়েছেন। সাংবাদিকদের কারাবন্দি রাখার ক্ষেত্রে চীনকে বিশ্বের শীর্ষ দেশ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
কোভিড-১৯ মহামারির সময় উহান থেকে প্রতিবেদন প্রকাশ করায় নাগরিক সাংবাদিক ঝাং ঝানকে প্রথমবার কারাবন্দী করা হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁকে আবারও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
চীনা গণমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ
সিপিআইসির সদস্য চায়না মিডিয়া গ্রুপের অধীনে রয়েছে সিজিটিএন ও চায়না রেডিও ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক অঙ্গনে চীনের সরকারি অবস্থান তুলে ধরতে এসব গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চীনের গণমাধ্যমের আন্তর্জাতিক প্রভাব নিয়ে ২০২২ সালে ৩০টি দেশে গবেষণা চালায় ফ্রিডম হাউস। গবেষণায় দেখা যায়, ২০১৯ সালের পর এসব দেশের মধ্যে ১৯টির সরকার মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ বাড়িয়েছে। আর ১২টি দেশের সরকার বেইজিংয়ের অপছন্দের সংবাদ প্রকাশ বন্ধ করতে নির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে।
ওই দেশগুলোর সংবাদমাধ্যমকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে কনটেন্ট বিনিময়ের চুক্তি বাতিল করার পরামর্শ দিয়েছিল ফ্রিডম হাউস। তবে সিপিআইসির মাধ্যমে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে পাকিস্তানের গণমাধ্যমের সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে।
স্বাধীন সাংবাদিকতার জন্য নতুন শঙ্কা
বিশ্লেষকদের উদ্বেগের মূল জায়গা হলো, সিপিআইসির আওতায় কোন সংবাদ বিভ্রান্তিকর, তা নির্ধারণের দায়িত্ব এমন প্রতিষ্ঠানগুলোর হাতে থাকতে পারে, যাদের সরকারের কর্মকাণ্ড নিয়েই সাংবাদিকদের অনুসন্ধান করার কথা।
সিপিইসির ঋণ, বিদ্যুৎ খাতের বকেয়া, গোয়াদরে স্থানীয় মানুষের বিক্ষোভ কিংবা চীনা কর্মীদের ওপর হামলার মতো সংবেদনশীল বিষয় নিয়ে কোনো সাংবাদিক প্রতিবেদন প্রকাশ করলে সেটিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করার আশঙ্কা রয়েছে। সমালোচকদের মতে, এমন পরিস্থিতিতে পেকা আইনের ২৬-এ ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।
ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে নিরপেক্ষ ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। তবে কোনো সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত সংবাদ যাচাইয়ের দায়িত্ব সেই সরকারের প্রভাবাধীন প্রতিষ্ঠানের হাতে থাকলে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে।
তথ্য যাচাইয়ের ক্ষেত্রে প্রমাণ, নথি ও নির্ভরযোগ্য সূত্রই হওয়া উচিত প্রধান বিবেচ্য। কোনো প্রতিবেদন সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেললেও তার সত্যতা যাচাই ও প্রকাশের স্বাধীনতা থাকা প্রয়োজন।
সিপিআইসির কার্যক্রমে যদি দুই দেশের অংশীদারত্বের ভাবমূর্তি রক্ষাই প্রধান বিবেচ্য হয়ে ওঠে, তাহলে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ধরনের পরিস্থিতিতে চাকরি হারানো, আইনি হয়রানি কিংবা গ্রেপ্তারের ভয়ে সাংবাদিকেরা নিজেরাই প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে পারেন। এর সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জানার অধিকার ও সরকারের জবাবদিহির ওপর।
সব মিলিয়ে সিপিআইসিকে ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মৌলিক প্রশ্ন—ভুয়া খবর প্রতিরোধের নামে তথ্যের সত্যতা নির্ধারণের ক্ষমতা কার হাতে থাকবে? সেই ক্ষমতা যদি সরকারের স্বার্থের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

