ফতুল্লায় মাদরাসায় আগুন, অসুস্থ ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মাদরাসাটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে আসা ৪৮ শিক্ষার্থীর মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)—এই তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পাঁচতলা মাদরাসা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় একটি লাইব্রেরি ছিল, যা আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা।

চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার শিক্ষার্থীদের বরাত দিয়ে জানান, মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। এ সময় ধোঁয়ায় বেশ কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

 

Share This Article
Leave a Comment