পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :বান্দরবান সদর উপজেলার কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে মো. শরিফ (৩৫) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ঝিরিতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশ ও তাঁর পরিবারকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কসাইপাড়া সংলগ্ন ঝিরিতে মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত বিষয়টি বান্দরবান সদর থানা ও নিহতের স্বজনদের জানানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন।

নিহত মো. শরিফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ভাণ্ডারী পাড়ার বাসিন্দা মো. জহির উদ্দিনের ছেলে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Share This Article
Leave a Comment