ক্রীড়া ডেস্ক: ২০১৮ সালের আলোচিত বল টেম্পারিং বা স্যান্ডপেপার কাণ্ডের আট বছর পেরিয়ে গেলেও বিতর্কের অবসান হয়নি। নতুন করে এ ঘটনা নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। তদন্তের নামে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) প্রকৃত তথ্য আড়াল করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
উসমান খাজার অভিযোগ এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের পাল্টা বক্তব্যের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন ওয়ার্নার।
শনিবার দেওয়া এক পোস্টে ওয়ার্নার দাবি করেন, ২০১৮ সালের বল টেম্পারিংয়ের ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময় জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়নের সাক্ষাৎকার নেওয়া হয়নি। তাঁর ভাষ্য, এ তথ্য সত্য হলে বোলাররা ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না—এমন ধারণা কীভাবে প্রতিষ্ঠা করা হলো, তা নিয়ে প্রশ্ন ওঠে।
ওয়ার্নার আরও অভিযোগ করেন, তদন্তের শুরুতেই নির্দিষ্ট কয়েকজনকে দায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই লক্ষ্য সামনে রেখেই তদন্ত পরিচালনা করা হয়েছে বলে মনে করেন তিনি। তাঁর দাবি, বোলারদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
সাবেক এই ব্যাটারের ভাষায়, পুরো তদন্তপ্রক্রিয়ায় তথ্য গোপনের ইঙ্গিত রয়েছে।
ওয়ার্নারের বক্তব্যের জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রাথমিক তদন্তের সময় সব খেলোয়াড়কেই নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তী আট বছরেও নতুন কোনো তথ্য থাকলে তা জানানোর সুযোগ ছিল। তবে হ্যাজলউড, স্টার্ক ও লায়নের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে সংস্থাটি সরাসরি কোনো ব্যাখ্যা দেয়নি।
এর আগে উসমান খাজার পক্ষ নিয়ে প্যাট কামিন্সের সমালোচনাও করেছিলেন ওয়ার্নার। তাঁর অভিযোগ ছিল, সংবাদ সম্মেলনে কামিন্সের বক্তব্য খাজাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। সম্প্রতি উসমান খাজার বই ‘সবর’ প্রকাশের পর পুরোনো সেই ঘটনা আবারও আলোচনায় এসেছে। এতে অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

